২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা ৭৮ হাজার ৫০০, নিবন্ধনে বাকি মাত্র ১৪ দিন

প্রাইম বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৬ ৩:৫৩ পিএম
২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা ৭৮ হাজার ৫০০, নিবন্ধনে বাকি মাত্র ১৪ দিন

আগামী বছরের হজে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের আসন নিশ্চিত করেছে সৌদি আরব। তবে এই কোটায় নাম নথিভুক্ত করার শেষ দিন আগামী ২৪ সেপ্টেম্বর। ধর্মবিষয়ক মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারিখ পেছানোর কোনো সুযোগ থাকবে না।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলছে। গত দেড় মাসে এ পর্যন্ত ৩ হাজার ৭৪১ জন হজযাত্রী প্রাথমিকভাবে নাম লেখিয়েছেন। এর মধ্যে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জন নিবন্ধন করেছেন। নিবন্ধনের সময়সীমা শেষ হতে বাকি মাত্র ১৪ দিন।

সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে নিবন্ধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা তাদের কাছে পাঠানো হবে। চূড়ান্ত সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, মেডিকেল চেকআপ, ফিটনেস সনদ, টিকা প্রদান ও প্রশিক্ষণসহ পরবর্তী সব ধাপ সম্পন্ন করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন না করলে আগামী বছরের হজে গমন নিশ্চিত হবে না বলে সতর্ক করেছে মন্ত্রণালয়। হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে ২৪ সেপ্টেম্বরের মধ্যেই নিবন্ধন শেষ করার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...