চুক্তিভিত্তিক নিয়োগে রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তা হলেন জাফর শরীফ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন চৌধুরী মো. জাফর শরীফ। বুধবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগাদেশ জারি করেছে।
প্রজ্ঞাপনে শর্ত দেওয়া হয়েছে, নতুন দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা বা ব্যবসা ছাড়ার পাশাপাশি সরকারি, আধা-সরকারি ও বেসরকারি যেকোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে থাকা সব ধরনের কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত পরে চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে।
দায়িত্ব পালনের মেয়াদ সংক্রান্তে প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল শেষ হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে — যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন জাফর শরীফ। তিনি প্রয়াত তোয়াবুর রহমান চৌধুরী রঞ্জুর ছেলে, যিনি নব্বইয়ের দশকে এরশাদবিরোধী আন্দোলনের নেতা ছিলেন। এছাড়া তার বাবা ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও জজ কোর্টের সাবেক জিপি এবং ঠাকুরগাঁও চিনিকলের সুগারসিস কমিটির সাবেক চেয়ারম্যান ছিলেন।

