জাতীয় সংসদে জামায়াত আমিরের প্রতিবাদ: বিরোধী দল বৈষম্যের শিকার

প্রাইম বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৯ এএম
জাতীয় সংসদে জামায়াত আমিরের প্রতিবাদ: বিরোধী দল বৈষম্যের শিকার

পরিবর্তিত বাংলাদেশে বৈষম্যের কোনো জায়গা থাকতে পারে না বলে জোরালো বক্তব্য দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিরোধী দলের সংসদ সদস্যরা নানাভাবে বঞ্চনার মুখে পড়ছেন।

সংসদে তিনি বলেন, বৈষম্যমুক্ত একটি সমাজই ছিল আমাদের প্রত্যাশা, আর সেই আশায় ধরে নিয়েছিলাম যে সংসদ থেকেই বৈষম্য নির্মূলের পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয়, আগেও যেমন বলতে হয়েছে, আজও বলতে হচ্ছে—আমরা বৈষম্যের শিকার হয়ে আছি।

তিনি জানান, পাবলিক ফান্ড বণ্টনেও বিরোধী দলের সদস্যদের সঙ্গে ন্যায্য আচরণ হয়নি। সরকারি দলের সংরক্ষিত নারী সংসদ সদস্যরা যেখানে বরাদ্দ পেয়েছেন, সেখানে বিরোধী দলের নারী সদস্যরা একই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ তোলেন তিনি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে দলীয় প্রভাব বাদ দিয়ে মেধা, দক্ষতা ও সততাকে প্রাধান্য দিয়ে যোগ্য মানুষদের মূল্যায়ন করার দাবিও জানান তিনি। তাঁর ভাষায়, এই দেশ সবার। ট্রেজারিতে অবদান রাখে ১৮ কোটি মানুষ। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে কোনো এলাকার মানুষকে তাদের হক থেকে বঞ্চিত করার অধিকার কারও নেই।

বিরোধী দলের নির্বাচিত এমপিদের নির্বাচনী এলাকায় সরকারি দলের সংরক্ষিত নারী সদস্যদের কাজ দেওয়ার প্রথার বিরুদ্ধেও আপত্তি জানান ডা. শফিকুর রহমান। তবে দলীয় সমন্বয় ও জনগণের কল্যাণে দুই পক্ষের নারী সংসদ সদস্যদের মধ্যে সহযোগিতার দরজা খোলা রাখার সমর্থন করেন তিনি। একইসঙ্গে বিরোধী দলের সংসদ সদস্যদের প্রাপ্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...