নোংরা রান্নাঘরে ধরা, ধানমন্ডির জিংলিং রেস্টুরেন্টকে এক লাখ জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং নানা ধরনের নিয়মভঙ্গের অভিযোগে রাজধানীর ধানমন্ডির জিংলিং রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে ওই রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, রেস্টুরেন্টটির রান্নাঘরের অবস্থা ছিল ভয়াবহ। সেখানে ডাস্টবিন রাখা ছিল খোলা অবস্থায়, মেঝে ছিল স্যাঁতসেঁতে এবং টাইলসে দেখা যায় ফাটল। খাবার ধোয়ার বেসিনে জমে ছিল নোংরা পানি। এছাড়া রেফ্রিজারেটরে কোনো লেবেল ছাড়াই সংরক্ষণ করা হচ্ছিল মেরিনেটেড চিকেন, ভাজা মাছ-মাংস, দই, বোরহানিসহ বিভিন্ন ধরনের মসলা।
এছাড়া পরিদর্শনকালে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ নিবন্ধন সনদ, হালনাগাদ ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ, পানি পরীক্ষার সনদ এবং পেস্ট কন্ট্রোলের প্রমাণক দেখাতে ব্যর্থ হয়।
অভিযোগগুলোর বিষয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

