সংসদ অধিবেশনে সালাহউদ্দিন ও মঈন খানের কাঁধে বাড়ল অতিরিক্ত দায়িত্ব
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর অধীন এমন সব মন্ত্রণালয় ও বিভাগের সংসদ-সংক্রান্ত কাজ দেখভালের জন্য নতুন দায়িত্ব বণ্টন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ, যেসব প্রতিষ্ঠানে এখনো কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়নি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব ভাগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদ অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদ-বিষয়ক কার্যক্রম সামলাবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি অনুপস্থিত থাকলে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিকল্প দায়িত্ব পালন করবেন।
এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মঈন খানকে রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সংসদ-সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অধিবেশন চলাকালে তিনি অনুপস্থিত থাকলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এসব কাজের ভার নেবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ মার্চ, ৬ এপ্রিল, ১৬ জুলাই এবং ২৩ আগস্ট জারি করা প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয়াবলি অপরিবর্তিত থাকবে।

