নারায়ণগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন ৬০ শিশুর হাতে স্কুল ব্যাগ ও উপকরণ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়িয়েছে হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশ। নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডে অবস্থিত সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ‘মানবতার বন্ধনে— শিক্ষা, সহমর্মিতা ও মানবসেবার প্রত্যয়ে’ শিরোনামে একটি মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের জন্য দুপুরের খাবারেরও ব্যবস্থা রাখা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জেলা প্রশাসক রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সুইড বাংলাদেশের মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন, মহাসচিব মাহবুবুল মনির এবং খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান মাসুম। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, চিকিৎসক ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. ইউনুস আলী বলেন, আজকের এই আয়োজন কেবল ৬০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা প্রত্যাশা করি, এই শিশুদের প্রতি সমাজের ভালোবাসা, সম্মান ও দায়িত্ববোধ আরও দৃঢ় হবে।
সংস্থাটির মূল লক্ষ্য হলো প্রয়োজন ও মানবিকতার ভিত্তিতে মানুষের জীবন ও মর্যাদা রক্ষা করা এবং সামাজিকভাবে সুবিধাবঞ্চিত ব্যক্তি ও কমিউনিটিকে সহায়তা দেওয়া। তাদের কমিউনিটি কেয়ার কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক সহায়তা ও শিক্ষা-সংক্রান্ত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের আয়োজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের প্রতি সমাজের সহমর্মিতা বাড়ানোর পাশাপাশি মূলধারার সমাজে তাদের সম্মানিত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

