জাহাজ বণ্টনে অনিয়মে চট্টগ্রাম বন্দরে চার প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত

প্রাইম বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৬ ৯:৩৩ পিএম
জাহাজ বণ্টনে অনিয়মে চট্টগ্রাম বন্দরে চার প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত

জাহাজ বণ্টনের নিয়ম লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম বন্দরে কাজ করা চারটি শিপ হ্যান্ডলিং অপারেটর প্রতিষ্ঠানের লাইসেন্স ও তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ২৭ জুলাই অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভার সিদ্ধান্ত (নম্বর ২০১৬৬) অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বন্দরের পরিচালক (ট্রাফিক) গোলাম মো. সারওয়ারুল ইসলাম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে প্রতিষ্ঠান চারটির লাইসেন্স স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেন।

যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো হলো— মেসার্স সী কোস্ট শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড, মেসার্স ইউনিয়ন ট্রেডার্স, মেসার্স প্যাসিফিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং মেসার্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং করপোরেশন।

বন্দর কর্তৃপক্ষের চিঠিতে বলা হয়েছে, লাইসেন্স ও কাজের অনুমতি নিয়ে বন্দরে কর্মরত অপারেটরদের ওপর জাহাজ বণ্টনে নির্দিষ্ট নির্দেশনা প্রতিপালনের দায়িত্ব থাকে। ওই চারটি প্রতিষ্ঠান সেই নির্দেশনা অগ্রাহ্য করেছে, যা শিপ হ্যান্ডলিং অপারেটর নীতিমালা-২০১৫ এর অনুচ্ছেদ ‘গ’-এর ৭.৪ ধারার স্পষ্ট ব্যত্যয়। বোর্ড সভার সিদ্ধান্তের আলোকেই তাদের তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এই সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হয়েছে ডেপুটি ট্রাফিক ম্যানেজার (অপারেশন্স), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যানের একান্ত সচিব, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের কাছে।

বন্দরের কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়মমালার প্রতি অবহেলা যে সহনীয় নয়, তা এ সিদ্ধান্তের মাধ্যমে বাকি অপারেটরদের কাছেও স্পষ্ট বার্তা পৌঁছেছে বলে মত বন্দর পরিমণ্ডলের বিভিন্ন মহলের।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...