শুধু সনদ নয়, দক্ষতা ও আত্মনির্ভরতাই শিক্ষার লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪০ পিএম
শুধু সনদ নয়, দক্ষতা ও আত্মনির্ভরতাই শিক্ষার লক্ষ্য: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, সনদনির্ভর শিক্ষা থেকে দেশের শিক্ষাব্যবস্থাকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিয়ে যাওয়াই সরকারের মূল উদ্দেশ্য। ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হচ্ছে এবং ফেসবুকে দেওয়া বক্তব্যে তিনি এ অঙ্গীকারের কথা জানান।

বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে সাক্ষরতা বলতে কেবল পড়া, লেখা আর হিসাব করার মৌলিক সক্ষমতাকে বোঝায় না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর সঙ্গে এখন যুক্ত হয়েছে ডিজিটাল দক্ষতা, তথ্য ব্যবহারের সামর্থ্য, সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, জীবনদক্ষতা, পরিবেশ-সচেতনতা এবং প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। মানুষের উন্নয়ন, পৃথিবীর সুরক্ষা এবং সমৃদ্ধ অর্থনীতি—এই তিন বিষয়ের মিলনবিন্দুতেই আজকের সাক্ষরতার অবস্থান বলেও তিনি উল্লেখ করেন।

একটি দেশের টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি জ্ঞান, দক্ষতা ও সক্ষমতাসম্পন্ন মানুষ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের কাছে সাক্ষরতা কেবল নিরক্ষরতা দূর করার কর্মসূচি নয়; এটি মানুষের সক্ষমতা বাড়ানো, কর্মসংস্থান তৈরি, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং টেকসই সমৃদ্ধির ভিত্তি। এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার, যা মানুষকে শুধু পড়তে ও লিখতে শেখাবে না, বদলে যাওয়া বিশ্বের চাহিদা অনুযায়ী জ্ঞান ও দক্ষতা অর্জনেও প্রস্তুত করে তুলবে।

শিক্ষা খাতে বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, দেশের সবার জন্য কার্যকর শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার দেশের ইতিহাসে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে, যা সরকারের মেয়াদে পর্যায়ক্রমে বাড়িয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ও প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি সর্বজনীন প্রাক-প্রাথমিক শিক্ষা, শিশুর প্রারম্ভিক বিকাশ, মাতৃভাষাভিত্তিক শিক্ষা এবং প্রাথমিক পর্যায় থেকেই মানবিক ও নাগরিক মূল্যবোধ বিকাশে বিনিয়োগ বাড়ানোর কথাও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...