সংসদে জামায়াত এমপির শঙ্কা: বিচারকদের এজলাস ত্যাগ কী বার্তা দিচ্ছে?
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ পাঁচ বিচারপতির এজলাস ত্যাগের ঘটনাকে গুরুতরভাবে উদ্বেগজনক বলে চিহ্নিত করেছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। জাতীয় সংসদে তিনি বলেন, বিচার বিভাগ জনগণের ন্যায়বিচার পাওয়ার শেষ ভরসাস্থল। সেখানে এমন পরিস্থিতির সৃষ্টি হলে দেশের সাধারণ মানুষের কাছে কী বার্তা যাচ্ছে, তা নিয়ে গভীরভাবে ভাবা ও খতিয়ে দেখা প্রয়োজন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডার তুলে জামায়াতের এই সংসদ সদস্য এ কথা বলেন। তখন অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মোমেন জানান, গতকাল দেশের সর্বোচ্চ আদালতে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। একজন আইনজীবী তথ্য গোপন করে রিট দায়ের করায় আদালত তাকে জরিমানা করে। এরপরই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে প্রধান বিচারপতির কথা কাটাকাটির পরিণতিতে আপিল বিভাগের বিচারকমণ্ডলী এজলাস ত্যাগ করেন এবং দিন শেষে আর আদালতে ফেরেননি। ঘটনার সময় তিনি নিজে আদালত কক্ষে উপস্থিত ছিলেন বলেও তিনি জানান।
তিনি যুক্তি দেখান, মাহবুব উদ্দিন খোকন শুধু একজন আইনজীবীই নন, তিনি বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সংসদ সদস্য এবং ক্ষমতাসীন দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এমন পরিচিতির অধিকারী কারো সঙ্গে সর্বোচ্চ আদালতে বাদানুবাদের ঘটনা বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে উদ্বেগ তৈরি করছে।
অতীতের প্রসঙ্গ টেনে এই এমপি মনে করিয়ে দেন, ফ্যাসিবাদী আমলে প্রধান বিচারপতিকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার মতো বেদনাদায়ক অভিজ্ঞতাও দেশ দেখেছে। তাই বর্তমান ঘটনা নতুন কোনো আশঙ্কার সংকেত দিচ্ছে কি না, তা সঠিকভাবে বিশ্লেষণ করা এখন সময়ের দাবি বলে মনে করেন তিনি।

