দুর্ঘটনা ও ভাড়া খাতিরা রোধে গণপরিবহনে জিপিএস বসাচ্ছে সরকার
জাতীয় মহাসড়কে চলাচলকারী সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এ পদক্ষেপের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, জিপিএস প্রযুক্তির সাহায্যে কোনো যানবাহন কোথায় অবস্থান করছে এবং কত গতিতে চলছে, তা সহজেই নজরে রাখা যাবে। এতে নির্ধারিত স্থান ছাড়া সড়কের যত্রতত্র যাত্রী ওঠানামা এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের মতো অনিয়ম নিয়ন্ত্রণে আসবে। এছাড়া কোনো গণপরিবহন নির্ধারিত গতিসীমা ছাড়িয়ে গেলে বা ট্রাফিক আইন ভঙ্গ করলে তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডে চলে যাবে এবং সংশ্লিষ্ট চালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য মোছা. সানজিদা ইয়াসমিনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। তার প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল—জাতীয় মহাসড়কে বাড়ছে যে দুর্ঘটনা, তা রোধ, ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ, অতিরিক্ত গতি ও ওভারলোডিং নিয়ন্ত্রণ, কঠোর আইন প্রয়োগ এবং আধুনিক সড়ক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে সরকারের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা কী।
প্রযুক্তিনির্ভর এই নজরদারি ব্যবস্থা কার্যকর হলে পরিবহন খাতের দীর্ঘদিনের অনিয়ম হ্রাস পাবে এবং যাত্রীরা নিরাপদে ভ্রমণ করতে পারবেন বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্ট মহল। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

