ডিমেনশিয়া আক্রান্ত বাবা পাঁচদিন নিখোঁজ, সন্ধান চান ইবি শিক্ষার্থী
যশোরের চৌগাছার বাসিন্দা মনিরুল ইসলাম (৪৫) গত পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসার জন্য যশোর শহরে এসে সদর হাসপাতাল জামে মসজিদে নামাজ আদায় করেন তিনি। মসজিদ থেকে বেরিয়ে যখন থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। তার সন্ধানে উদ্বেগ জানাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে সুমাইয়া ইসলাম এবং প্রবাসে থাকা ছেলে আব্দুর রহমান।
ডাকনাম মনু মিয়া নামে পরিচিত মনিরুল ইসলামের স্থায়ী ঠিকানা চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রাম। চিকিৎসকের পরামর্শ নেওয়ার উদ্দেশ্যে শহরে এসে হঠাৎ গায়েব হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা মরিয়া হয়ে পড়েছেন। তবে তিনি এখন কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
নিখোঁজ ব্যক্তির মেয়ে সুমাইয়া ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন। তিনি জানান, বাবা ডিমেনশিয়া বা আলঝাইমার রোগে ভুগছেন, ফলে তার স্মৃতিশক্তি দিন দিন কমে আসছে। এর সঙ্গে তিনি হেপাটাইটিস বি ভাইরাসেও আক্রান্ত। অসুস্থ শরীরে দীর্ঘদিন অজানা গন্তব্যে থাকায় পারিবারিক দুশ্চিন্তা বেড়েছে কয়েকগুণ।
মনিরুল ইসলামকে দেখতে পেলে, কোথাও তার উপস্থিতি লক্ষ্য করলে কিংবা তার অবস্থান সম্পর্কে তথ্য জানালে ০১৯৭১৫০২২৪৫ নম্বরে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পরিবার। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও নিখোঁজের খবর ছড়িয়ে দিয়ে সন্ধানে সহায়তার অনুরোধ করেছেন তার আত্মীয়স্বজনরা।

