শেখ হাসিনা আপিল করলে আইনই ঠিক করবে, আগে বলার সুযোগ নেই: আইনমন্ত্রী
দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতে আপিলের সুযোগ পাবেন কি না—এমন প্রশ্নে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এ নিয়ে আগাম কোনো মন্তব্য করার সুযোগ নেই। তার ভাষায়, শেখ হাসিনা আপিল করতে চাইলে সেই মুহূর্তেই প্রচলিত আইন বিষয়টি নির্ধারণ করবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা দেশে এলে তাকে আপিলের সুযোগ না দিয়েই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে—এমন আলোচনার প্রেক্ষাপটে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, যখন উনি আপিল করতে চাইবেন, তখন আইন নির্ধারণ করবে। তার আগে না।
উল্লেখ্য, শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ করবে না বলে ওই দেশের একটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল। এ বিষয়ে মন্তব্য চাইলে আসাদুজ্জামান বলেন, প্রত্যর্পণ আপনি আগে দেখেন, প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির সঙ্গে কোন কোন মন্ত্রণালয় জড়িত থাকে, সেটা দেখে তারপর প্রশ্ন করেন।
এদিকে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের আপনি প্রধান বিচারপতি হওয়ার পরে আইনজীবীদের ইনকাম কমে গেছে মর্মে মন্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি এজলাস থেকে সরে দাঁড়ান। এ ঘটনা নিয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আশা করি প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্ট বার এ বিষয়ে নিষ্পত্তি করে ফেলেছেন।

