দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর আহ্বান, সিইপিএ নিয়ে এগোতে প্রস্তুত বাংলাদেশ
ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার উপস্থিতি বাড়ানোর ডাক দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশীয় রাষ্ট্রদূত লিস্টিওয়াতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য বন্ধনকে আরও গভীর ও বহুমুখী করতে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে দ্রুত অগ্রসর হওয়ার বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
সৌজন্য বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিস্তর বিষয় নিয়ে কথা হয়। আলোচনায় উঠে আসে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি খাতে বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণের সম্ভাবনা। এছাড়া কনস্যুলার বিষয়, উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই পক্ষের সহযোগিতার কথাও তোলা হয়।
ভিসা নীতিমালা নিয়েও প্রশ্ন তোলা হয় বৈঠকে। বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান হুমায়ুন কবির। পর্যটন, সাংস্কৃতিক আদান-প্রদান এবং দুই দেশের মানুষের মধ্যে সংযোগ জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
জবাবে ইন্দোনেশীয় রাষ্ট্রদূত বাংলাদেশের রপ্তানি খাতে বৈচিত্র্য আনতে দেশটির সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। বিশেষ করে বাংলাদেশের ওষুধসহ নানা পণ্য ইন্দোনেশিয়ার বাজারে আরও বেশি পরিমাণে পৌঁছাতে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
কূটনৈতিক বলয়ে ধারণা রয়েছে, এই বৈঠক দুই দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে নতুন গতি দেবে। বিশেষত সিইপিএ নিয়ে আলোচনা বাস্তবে এগিয়ে নেওয়া গেলে দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্য হারে বাড়ার সম্ভাবনা তৈরি হবে।

