ডেঙ্গুতে মৃত্যু ১৩৭, ১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের অভিযান
দেশে চলতি বছর ডেঙ্গুর প্রাদুর্ভাবে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩৭ জন। এডিস মশার সংখ্যাবৃদ্ধি ঠেকাতে আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জরুরি মতবিনিময় সভা শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাসেই এডিস মশার লার্ভার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা যায়। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে, এ সময়ে মশার সংখ্যা বাড়ার সঙ্গে ডেঙ্গু রোগীর সংখ্যাও বেড়ে যায়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত পরশু ডেঙ্গু রোগ প্রতিরোধে করণীয় নিয়ে একটি বৈঠক হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিব ও মহাপরিচালকরা উপস্থিত ছিলেন। বৈঠকের হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে গত পরশু পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩৭ জনের মৃত্যু ঘটেছে। এ সময়ে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বেশিরভাগ রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও কেউ কেউ এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।
চিকিৎসা প্রস্তুতির বিষয়ে মীর শাহে আলম বলেন, রেড অ্যালার্টিং জেলা ও উপজেলাগুলোর প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদাভাবে পাঁচটি করে বেড সংরক্ষিত করা হয়েছে। জেলা পর্যায়ের পাশাপাশি বিশেষায়িত হাসপাতালগুলোতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এডিস মশার প্রজনন কতটা নিয়ন্ত্রণে আনা যায়, তার ওপরই নির্ভর করবে আগামী তিন মাসে দেশের ডেঙ্গু পরিস্থিতির মোড়।

