শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় ভোটের মতোই গ্রহণযোগ্য হবে: সিইসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আইনের যোগ্যতা অনুযায়ী যারা প্রার্থী হওয়ার সুযোগ পাবেন, কেবল তারাই ভোটে অংশ নিতে পারবেন জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাউকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না এবং এই নিশ্চয়তা তিনি দিতে পারেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী আলোচনায় শেষে তিনি এসব কথা বলেন। এ সময় সিইসি জানান, নির্বাচন কমিশনের প্রতিশ্রুতির কোনো ঘাটতি নেই। ভোটের সময় পুলিশকে বেআইনি কোনো নির্দেশনা দেওয়া হবে না, আর পুলিশের পক্ষ থেকেও একটি বিশ্বাসযোগ্য ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সিইসি বলেন, অতি শিগগিরই এই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে মূলত পুলিশের সক্ষমতার ওপরই ভরসা করতে হবে। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এমন সদস্যদের অনেকে আগে কখনো ভোটকেন্দ্রিক কাজের প্রশিক্ষণ পাননি, তাদের দ্রুত প্রশিক্ষণের অনুরোধ তিনি আইজিপিকে জানিয়েছিলেন। সেই অনুরোধের পর প্রায় দুই সপ্তাহের মধ্যেই আইজিপি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন, যার উদ্বোধনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের অঙ্গীকার একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন উল্লেখ করে এ এম এম নাসির উদ্দীন বলেন, জাতীয় নির্বাচন যে মানে সম্পন্ন হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনও অন্তত সেই একই মান বজায় রেখে করতে চাই। এজন্য পুলিশের সহায়তা চাওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সহযোগিতার পূর্ণ প্রতিশ্রুতি রয়েছে। নির্বাচন কমিশনের যেমন সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে, তেমনি একটি সুন্দর নির্বাচন নিশ্চিতে পুলিশেরও আইনি দায়িত্ব রয়েছে বলে জানান তিনি।

