সংসদের সব কার্যক্রম চলবে সৌরবিদ্যুতে, গ্রিড থেকে নেওয়া হবে না এক ওয়াটও
ভবিষ্যতে জাতীয় সংসদের প্রতিটি কার্যক্রম পুরোপুরি সৌরবিদ্যুতে পরিচালনার পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ঘোষণার কথা সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আগামীদের সংসদের জন্য ন্যাশনাল গ্রিড থেকে কোনো বিদ্যুৎ নেওয়া হবে না; পুরো চাহিদা মেটানো হবে সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে দেওয়া নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। সংসদ সদস্য হেলেন জেরিন খান সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়িয়ে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ওই নোটিশটি দিয়েছিলেন।
সৌর জ্বালানির প্রসারে বড় পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষায়, রামপালে ৪৬০ মেগাওয়াট সক্ষমতার একটি সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি মাতারবাড়ী কোল পাওয়ার প্রকল্পের অ্যাশ পয়েন্টের জন্য নির্ধারিত জায়গায় ৭০ মেগাওয়াট ক্ষমতার আরেকটি সৌরবিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
আগামী ১৭ সেপ্টেম্বর ফেনীতে সামাজিক সুবিধার কার্ড বিতরণ কর্মসূচি রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ উপলক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ২৩টি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং বিদ্যুৎ বিভাগও এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে। তিনি আরও জানান, সৌর প্রকল্প বিস্তারে একদিকে জ্বালানি আমদানিতে খরচ হওয়া বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গড়ে ওঠার সুযোগ তৈরি হবে। তরুণ ও যুব সমাজের বিকল্প কর্মসংস্থানের জন্য সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি।

