গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালকেরা: দিনে ১২০০ টাকা দিয়ে হাতে ২০০ টাকা
রাজধানী ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালকেরা গ্যাসের তীব্র সংকটে পড়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বিভিন্ন ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও নির্ধারিত গ্যাস মেলে না তাঁদের ভাগ্যে। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি কমে আসছে দৈনিক আয়। দিন শেষে ঠিকা ১২০০ টাকা পরিশোধ করে হাতে ২০০ টাকাও জমানো অনেক চালকের কাছে এখন কঠিন চ্যালেঞ্জ।
এই সংকটে জর্জরিত জীবনযাপন করছেন ১৯৮৮ সালের বন্যার পর ঢাকায় আসা চালক অহিদ আলী। সংসারের ঘানি টানতে গিয়ে সিএনজি চালানোর পেশায় যুক্ত হয়েছিলেন তিনি। মাসে ১৫ হাজার টাকা বাসা ভাড়া দিতে হয় তাঁকে। স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে তাঁর সংসার। গ্যাসের অভাবে আয় কমে যাওয়ায় পরিবারের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এই চালক।
অহিদ আলী জানান, গ্যাস নিতে তাঁকে তিন-চার ঘণ্টা লাইনে বসে থাকতে হয়। তবু লাইনে দাঁড়িয়ে ৭০-৮০ টাকার বেশি গ্যাস পাওয়ার সুযোগ হয় না, কারণ স্টেশনে গ্যাসের চাপ থাকে একেবারেই কম। ছেলেটি আয় করা শিখছে বলে জানিয়ে তিনি বলেন, “সংসারের ঘানি টানতে টানতে এই পর্যন্ত এসেছি, এখনো টানছি। কি আর করবো; আয় কমে যাওয়ায় এখন সংসার চালানো কষ্টকর হয়ে গেছে। কোনো রকম টিকে আছি।”
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে সিএনজি স্টেশনের সামনে তিনি এসব কথা বলেন। শুধু তিনি নন; রাজধানীর আরও বহু অটোরিকশা চালক একই পরিস্থিতিতে পড়েছেন। বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, স্টেশনের সামনে সিএনজিচালিত যানের দীর্ঘ সারি। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে চালকদের এই দুর্ভোগ আরও বাড়ার শঙ্কা রয়েছে।

