র্যাব বিলুপ্তির পর এসআরবি বিল সংশোধিত আকারে সংসদে উঠতে যাচ্ছে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হওয়ার পর নতুন বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের বিল সংশোধিত রূপে জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এই সুপারিশ অনুমোদিত হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর পরীক্ষাপূর্বক রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে বিলটি সংশোধিত আকারে সংসদে তোলার বিষয়ে কমিটি সিদ্ধান্ত দেয়।
কমিটির বৈঠকে স্বীকার করা হয়, বিগত সময়ে র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নানাভাবে অপব্যবহার করা হয়েছে। তবে কোনো বাহিনীর অপব্যবহারকে কারণ করে সমগ্র বাহিনীকে বিলুপ্ত না করে দক্ষ জনবল ও বিদ্যমান সরঞ্জাম সঠিকভাবে কাজে লাগানোর ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া বিরোধী দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতার জন্য বৈঠকে ধন্যবাদ জানানো হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম অংশ নেন। এছাড়া কমিটির সদস্য মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন উপস্থিত ছিলেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও ছিলেন।
র্যাব বিলুপ্ত হওয়ার পর নতুন আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে এসআরবি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সংসদে বিলটি পাস হলে প্রশিক্ষিত জনবল, স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে দেশের অপরাধ নিয়ন্ত্রণে নতুন এই বাহিনীর ভূমিকা নির্ধারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

