মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ ‘ডিজিটাল চাঁদাবাজি’, বন্ধের দাবি সংসদে

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৩ পিএম
মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ ‘ডিজিটাল চাঁদাবাজি’, বন্ধের দাবি সংসদে

গ্যাস ও বিদ্যুতের মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ আদায়ের কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এই অযৌক্তিক আদায়কে তিনি অভিহিত করেছেন ‘ডিজিটাল চাঁদাবাজি’ বলে এবং তা সঙ্গে সঙ্গে বন্ধ করার দাবি জানিয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তৃতাকালে তিনি বলেন, জনগণের ওপর এই নিপীড়ন অবশ্যই বন্ধ করতে হবে।

গ্যাস-বিদ্যুতের মিটারে ভুতুড়ে বিল ধার্যের অভিযোগ তুলে এই এমপি জানান, এ ধরনের বিলকে কেন্দ্র করে একজনকে গ্রেফতারও করা হয়েছে, যার জন্য প্রতিবাদ জানানো হয়েছিল। তার ভাষ্যে, সমস্যাটিকে এভাবে চাপা দিয়ে রাখা যাবে না; বিষয়টির যথাযথ ও সুন্দর সমাধান করতে হবে এবং ভুতুড়ে বিল বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আরও বলেন, মিটারিং ও বিলিং ব্যবস্থার মধ্যে সমন্বয় আনতে হবে এবং বিভিন্ন অযৌক্তিক চার্জ পুনর্বিবেচনা করতে হবে। তিনি উল্লেখ করেন, সংসদে সরকারি দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে মিটার ভাড়া আর নেওয়া হবে না, ডিমান্ড চার্জ বাতিল হবে এবং অস্বাভাবিক বিলগুলো বাদ দেওয়া হবে। কিন্তু সেই প্রতিশ্রুতির কোনোটিই বাস্তবে রূপ নেয়নি; অতীতের মতো এখনো মিটার ভাড়া আদায় চলছে বলে অভিযোগ করেন তিনি।

সৌর বিদ্যুৎ প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রশংসার দাবিদার হলেও এর সম্ভাব্যতা যাচাই করা জরুরি। উল্লেখ্য, ওই অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...