গ্রাহকের মিটার ভাড়া বাতিলে খরচ ২৯ হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৭ পিএম
গ্রাহকের মিটার ভাড়া বাতিলে খরচ ২৯ হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ বিলের সঙ্গে ধার্য হওয়া মিটার ভাড়া সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে প্রায় ২৯ হাজার কোটি টাকার ব্যয় ধরা পড়েছে। একইসঙ্গে গ্রাহকরা চাইলে নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে মিটার ক্রয় করার সুযোগও পাবেন; সেক্ষেত্রে মাসিক কোনো ভাড়ার বোঝা তাদের ওপর থাকবে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান।

গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তির মূল কারণ বিলিং জটিলতা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এই সমস্যার স্থায়ী নিরসনে ২০৩০ সালের মধ্যে দেশের সিংহভাগ গ্রাহককে স্মার্ট প্রিপেইড মিটারের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবে রূপ নিলে বিল নিয়ে অভিযোগের অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে ‘তীব্র জ্বালানি ও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া, শিল্পকারখানা বন্ধ হয়ে বেকারত্ব সৃষ্টি এবং দেশের জাতীয় অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে প্রতিমন্ত্রীর ভাষ্য, পূর্ববর্তী সরকারের ত্রুটিপূর্ণ নীতিই বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান অনিশ্চয়তার জন্ম দিয়েছে। সংকট কাটিয়ে ওঠার জন্য সরকারের কাছে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এ প্রেক্ষাপটে তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হয়ে অবসরে যাওয়া পাঁচটি বিদ্যুৎকেন্দ্রের ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কোনো ক্যাপাসিটি চার্জ ছাড়াই জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে।

জরুরি চাহিদা মেটাতে সরকার ফার্নেস অয়েলভিত্তিক (এইচএফও) বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে সর্বোচ্চ ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে, যার জন্য এরই মধ্যে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বন্ধ থাকা রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট চলতি সপ্তাহেই পরিচালনায় ফিরবে বলে আশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্ল্যান’ মন্তব্যের স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার সূচনায় ‘উই রিভোল্ট’ বলেছিলেন, তার সঙ্গীরাও গলা মিলিয়েছিলেন; ঠিক সেভাবেই সংকট মোকাবিলায় তারা দ্ব্যর্থহীনভাবে বলছেন- ‘উই হ্যাভ এ প্ল্যান’।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...