ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের দুই হাজার মসজিদে একসঙ্গে পরিষ্কার অভিযান
ডেঙ্গুর বিস্তার রোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একই সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এই কার্যক্রমের সূচনা হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই ঘোষণা দেন।
‘ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক ওই কর্মশালার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও ইউনিসেফ; চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যক্রমটিতে সহযোগিতা করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী। বিশেষ অতিথির ভূমিকায় ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি ঢাকার পরিচালক সরকার সারোয়ার আলম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম।
কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ। এর সংক্রমণ ঠেকাতে সরকারের নানা উদ্যোগের মধ্যে পরিচ্ছন্নতাকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। গত ২৫ জুলাই থেকে প্রশাসনের পক্ষ থেকে প্রতি শনিবার জেলার নানা স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারি ভবনের প্রাঙ্গণ ও ছাদ, পুকুর, জলাশয়সহ যেসব এলাকায় ডেঙ্গুর ঝুঁকি রয়েছে, সেগুলোকেই আনা হচ্ছে এই কর্মসূচির আওতায়। এরই ধারাবাহিকতায় আগামী শনিবার জেলার প্রায় দুই হাজার মসজিদ ও এর প্রাঙ্গণ একযোগে পরিষ্কার করা হবে।
জাহিদুল ইসলাম মিঞা মনে করেন, এই উদ্যোগ শুধু ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি নয়; এটি পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলার একটি সামাজিক আন্দোলনের অংশ। তাঁর মতে, পরিচ্ছন্নতা শুধু প্রশাসনেরই দায়িত্ব নয়, এই দায় প্রতিটি নাগরিকেরও। প্রশাসন আশা করছে, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকের সম্পৃক্ততার মধ্য দিয়ে এই কার্যক্রম সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে এবং তা ডেঙ্গুর সংক্রমণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

