পুলিশি অভিযানের পরও চলছিল জুয়ার আসর, আকমল আলী খালপাড়ে ফের উচ্ছেদ
চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন আকমল আলী খালপাড়ে দীর্ঘদিনের জুয়ার আস্তানা ভেঙে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পরিত্যক্ত ডোবার ওপর টিন ও বাঁশ দিয়ে অস্থায়ী ঘর নির্মাণ করে জুয়া ও মাদকের আসর বসানোর অভিযোগ ছিল ওসমান (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত ৩ জুন একই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এমন একটি জুয়ার ঘর ভেঙে দেওয়া হয়েছিল। কিছুদিন বিরতির পর দক্ষিণ হালিশহরের আকমল আলী খালপাড় সিডিএ বালুর মাঠের উত্তর পাশে আমবাগানের জঙ্গলে নতুন করে টংঘর বানিয়ে আবারও জুয়া ও মাদকের আসর বসানোর অভিযোগ ওঠে।
এ অভিযোগের প্রেক্ষিতে ২ সেপ্টেম্বর এসআই আবু বকরের নেতৃত্বে ইপিজেড থানা পুলিশ অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করে। সেসময় ঘটনাস্থল থেকে ১৫ প্যাকেট তাস ও নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জুয়া প্রতিরোধ দমন আইন, ২০২৬-এর ১৫, ১৮ ও ২৭ ধারায় থানায় মামলা হয়েছে। তবে পুলিশি হানার পরও আস্তানাটি চালু রাখার চেষ্টা চলছিল। পুলিশ যাতে সহজে পৌঁছাতে না পারে সেজন্য যাওয়ার পথে বাঁশ দিয়ে বাধা তৈরি এবং রাস্তায় কাঁটা ছিটিয়ে রাখার মতো কৌশলও প্রয়োগ করা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জুয়া ও মাদক সেবনের আসর বসায় আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল এবং যুবসমাজের ওপর পড়ছিল নেতিবাচক প্রভাব। বারবার অভিযানেও কার্যক্রম বন্ধ না হওয়ায় এলাকাবাসী ঘরটি স্থায়ীভাবে অপসারণের আবেদন জানালে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশে সোমবার অভিযানটি চালানো হয়।
প্রশাসন জানিয়েছে, এ ধরনের আস্তানা যেন আবার গড়ে না উঠতে পারে সেজন্য এলাকায় নজরদারি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে পরবর্তী অভিযানও চালানো হবে।

