খুলশীতে হিজড়া নেত্রী মৌসুমী হত্যা মামলায় মোমিন গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪৪ পিএম
খুলশীতে হিজড়া নেত্রী মৌসুমী হত্যা মামলায় মোমিন গ্রেফতার

চট্টগ্রামের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের নেত্রী মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২) হত্যার মামলায় একজনকে আটক করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মোমিন ওরফে শেখ রনি (৩৪) চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সব্দলপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খুলশী থানার উপ-পরিদর্শক গোলাম মোহাম্মদ নাসিম এ কথা নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মোমিনকে গ্রেফতার করা হয়। ধরা পড়ার আগে তিনি পাহাড়তলি থানার সাগরিকা স্টেডিয়ামের পাশে খ্রিস্টানপাড়া (পাঠানপাড়া) এলাকায় ফাল্গুনী নামের আরেক হিজড়া নেত্রীর বাসায় থাকতেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনির একটি বাসা থেকে মৌসুমীর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি ওই বাসায় একাই বসবাস করছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, হত্যাকাণ্ডের একদিন আগে শুক্রবার তিনি নিজের খামারের একটি গরু বিক্রি করেছিলেন এবং বিক্রির অর্থ ঘরেই রাখা থাকে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মৌসুমীর ঘর থেকে গরু বিক্রির টাকা ও তার ব্যবহৃত দুটি মুঠোফোন নিখোঁজ রয়েছে। ধরা পড়া মোমিনকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের নানা রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...