২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার
দেশের পর্যটনখাতের অন্যতম প্রধান আয়োজন ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) শুরু হতে যাচ্ছে আগামী ২৯ অক্টোবর। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) ব্যবস্থাপনায় টানা তিন দিন, অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা। এবারের আয়োজনে দেশ-বিদেশের পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, হোটেল-রিসোর্ট ও এয়ারলাইন্সের মতো নানা অংশীজন যোগ দেবেন।
মেলার আনুষ্ঠানিক ঘোষণা দিতে আগামী সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করছে টোয়াব। ওই অনুষ্ঠানে বিটিটিএফ ২০২৬-এর সময়সূচি, নিশ্চিত ও সম্ভাব্য অংশগ্রহণকারীদের তথ্য, অতিথি ও স্পনসর সংক্রান্ত বিষয় এবং মেলায় অংশ নেওয়ার বিভিন্ন সুযোগ নিয়ে বিস্তারিত জানানো হবে। এ ছাড়া মেলাকে ঘিরে গ্রহণ করা নানা উদ্যোগের কথাও তুলে ধরা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ। উপস্থিত থাকবেন সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য, বিটিটিএফ আয়োজক কমিটির প্রতিনিধিরা, পর্যটন খাতের বিভিন্ন অংশীজন, স্পনসর, অংশীদার ও গণমাধ্যমকর্মীরা।
আয়োজকদের মতে, বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে বিটিটিএফ ২০২৬। মেলার মাধ্যমে দেশের পর্যটন গন্তব্য, সেবা ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরা হবে বিদেশি পর্যটক ও আন্তর্জাতিক পর্যটন ব্যবসায়ীদের সামনে। এর ফলে দেশের পর্যটনশিল্পের সঙ্গে বৈশ্বিক বাজারের সংযোগ আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এবারের আয়োজনে সহযোগিতা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।

