ডেঙ্গু ঠেকাতে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ৪:৩৫ পিএম
ডেঙ্গু ঠেকাতে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার রোধে দেশের সব স্তরের মানুষকে সম্পৃক্ত করে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে দেশের ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ নিয়ে আয়োজিত সভায় তিনি এই নির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি সংস্থাগুলোর ওপর নির্ভর করা যাবে না; সাধারণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরিয়ে ফেলা, ময়লা-আবর্জনা অপসারণ এবং মশার প্রজননস্থল যেন না তৈরি হয়—এসব বিষয়ে জনসাধারণকে নানাভাবে উদ্বুদ্ধ করার নির্দেশ দেন তিনি।

পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যদের কাজে লাগানোর নির্দেশও দেন প্রধানমন্ত্রী। এসব সংগঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনগণকে যুক্ত করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার কথা বলেন তিনি।

চিকিৎসা ব্যবস্থাপনার দিকটিও সভায় গুরুত্ব পায়। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের জন্য মশারি সরবরাহের বিষয়টিও বিবেচনায় আনা হয়, যাতে আক্রান্ত রোগীকে কামড়ানো মশার মাধ্যমে অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে।

সিদ্ধান্তগুলো বাস্তবায়নে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাঠে এর প্রতিফলন থাকতে হবে। ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধকেই সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত উদ্যোগে কাজ করতে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিতে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি নিতে বলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...