ভূমি মন্ত্রণালয়ের বড় সিদ্ধান্ত: একসঙ্গে বদলি হলেন ৩৮ এসিল্যান্ড

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫১ এএম
ভূমি মন্ত্রণালয়ের বড় সিদ্ধান্ত: একসঙ্গে বদলি হলেন ৩৮ এসিল্যান্ড

দেশের মাঠপ্রশাসনে বড় পরিবর্তন আসছে। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৮ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদ থেকে সরিয়ে অন্যত্র পদায়নের ব্যবস্থা করেছে ভূমি মন্ত্রণালয়। গত ২ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বদলি হওয়া এই কর্মকর্তাদের বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকায় তাদের নতুন এসিল্যান্ড হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

মাঠপর্যায়ে ভূমি ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত হয় এসিল্যান্ডের পদটি। উপজেলা ও ভূমি সার্কেল পর্যায়ে সরকারি ভূমি-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও তদারকির দায়িত্ব এদের ওপর ন্যস্ত থাকে। নামজারি ও জমাখারিজের আবেদন নিষ্পত্তি, ভূমি উন্নয়ন কর আদায়, খাসজমির ব্যবস্থাপনা এবং সরকারি সম্পত্তির সংরক্ষণের পাশাপাশি ভূমি-বিরোধ ও অনিয়মে আইনগত ব্যবস্থা নেওয়াও তাদের কাজের অন্তর্ভুক্ত। এছাড়া সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই কর্মকর্তারা।

ভূমি ব্যবস্থাপনার পাশাপাশি প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করতে পারেন এসিল্যান্ডরা। ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরেজমিনে তদন্ত, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধনও তাদের নিয়মিত দায়িত্বের অংশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...