বিএনপির ইতিহাস অবিনশ্বর, কারও পক্ষে তা মুছে ফেলা সম্ভব নয়: তারেক

প্রাইম বার্তা অনলাইন
০৫ সেপ্টেম্বর ২০২৬ ৯:৪৪ পিএম
বিএনপির ইতিহাস অবিনশ্বর, কারও পক্ষে তা মুছে ফেলা সম্ভব নয়: তারেক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং দলটির রাজনৈতিক অধ্যায় ইতিহাস থেকে কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়।

সভায় তিনি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি আলোচনার উল্লেখ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বিএনপি কতটা ওতপ্রোতভাবে জড়িত, তার প্রমাণই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা। এ প্রসঙ্গে তিনি ইংরেজিতে বলেন, ‘সো, ইট ইজ ডান।’ তিনি যোগ করেন, কেউ যতই চেষ্টা করুক বা আইন-আদালতের আশ্রয় নিয়েই চেষ্টা করুক, এই ইতিহাসকে নির্মূল করা যাবে না।

তারেক রহমান বলেন, যিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তাঁর আহ্বানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নিঃস্বার্থভাবে জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু স্বাধীনতার পর দেশের মানুষ গণতন্ত্রের স্বাদ পায়নি; বরং দেখতে হয়েছে একদলীয় বাকশাল শাসনের প্রতিষ্ঠা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্ব নেওয়ার পর পুনরায় বহুদলীয় গণতন্ত্র চালু করেন—তাঁর ভাষায় ‘হোয়াট ইজ ডান, ক্যান্ট বি আনডান’। এই অর্জন কেউ বদলে দিতে পারবে না বলেও তিনি জোর দিয়ে বলেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি ও বিদেশে শ্রমবাজার সৃষ্টির পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র, টেকসই গণতন্ত্র, নারীশিক্ষার অগ্রগতি, বিকাশমান অর্থনীতি এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা গুরুত্ব দিয়ে তুলে ধরেন। শেষে তিনি বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি—যে সংকটই আসুক, প্রতিটি সংকটময় মুহূর্তে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও বিএনপি জাতিকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছে এবং বিপদ থেকে মুক্ত করে এনেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...