জাসাসের সাংস্কৃতিক সন্ধ্যা দর্শক সারি থেকে উপভোগ করলেন প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাধারণ দর্শকদের সঙ্গে সারিতে বসে পুরো আয়োজন উপভোগ করেন তিনি।
দিনের আয়োজনের শুরুতে রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আলোচনা সভা হয়। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আলোচনায় অংশ নেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত গুণীজনেরাও।
আলোচনা পর্ব শেষে জাসাসের উদ্যোগে বসে মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা। বিশিষ্ট সংগীত পরিচালক ও গীতিকার ইথুন বাবুর সার্বিক নির্দেশনায় গান পরিবেশন করেন সাজ্জাদ হুসাইন পলাশ, মৌসুমী চৌধুরী, পরান আহসান, আকলিমা মুক্তা, গামছা পলাশ, শেহমান, আব্দুর রউফ, রোদসী, সানি, সাদমান পাপ্পু, শাহিনুর ও রাফিজা আলমসহ খ্যাতিমান কণ্ঠশিল্পীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে রাজনৈতিক আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনের মেলবন্ধনে ভরি হয়ে ওঠে কেআইবি মিলনায়তন। দর্শক সারিতে বসে শিল্পীদের পরিবেশনা উপভোগ করে দিনটিকে আলাদা মাত্রা দিয়েছেন দলের চেয়ারম্যান বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

