গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: দখল উচ্ছেদ, জরিমানা ৩২ হাজার টাকা

প্রাইম বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৬ ৬:৩৩ পিএম
গুলিস্তানে ডিএসসিসির বড় অভিযান: দখল উচ্ছেদ, জরিমানা ৩২ হাজার টাকা

রাজধানীর গুলিস্তান এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায়ও করা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। জিরো পয়েন্ট থেকে বঙ্গভবন পর্যন্ত এলাকা এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদের স্বর্ণ গলিতে অভিযান পরিচালিত হয়। এর মূল লক্ষ্য ছিল অবৈধ দখল অপসারণ, ফুটপাত দখল করে চলা ব্যবসা রোধ, ট্রেড লাইসেন্সবিহীন বা অনবায়নকৃত লাইসেন্সে পরিচালিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও পানি সরবরাহের ঘটনায় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া।

অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং ডিএসসিসির ট্রেড লাইসেন্স ছাড়া বা মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে প্রতিষ্ঠান চালানোর দায়ে তিনজন ব্যবসায়ীকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর আওতায় মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও পানি সরবরাহের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আরেক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় সংশ্লিষ্ট এলাকার সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট, স্থাপনা এবং অনুমতি ছাড়া রাখা যানবাহন সরিয়ে নেওয়া হয়। দখলমুক্ত হওয়ার ফলে পথচারীদের চলাচলের জন্য সড়ক ও ফুটপাত ব্যবহার উপযোগী হয়ে উঠেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...