৪২ বছর পর সংশোধন হচ্ছে বেসামরিক বিমান চলাচল বিধিমালা
দেশের আকাশপথে যাত্রী সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘ ৪২ বছর পর পুরনো বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। ১৯৮৪ সালের ‘বেসামরিক বিমান চলাচল বিধিমালা’ বাতিল করে নতুন ‘বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬’ এর খসড়া চূড়ান্ত করতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক সভা অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বর্তমান সরকার বিমান খাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। তিনি জানান, নতুন বিধিমালাটি হবে সম্পূর্ণ ব্যবসা ও বিনিয়োগবান্ধব এবং এতে যাত্রীসেবার উন্নতি ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব বিধান যুক্ত করা হবে। এয়ারলাইন্স প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, বিনিয়োগ সহজীকরণে বিধিমালা তৈরির ক্ষেত্রে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সভায় বেসরকারি এয়ারলাইন্সের সুবিধার কথা বিবেচনা করে বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত সংক্রান্ত জটিল বিধানগুলো সহজ করার সিদ্ধান্ত হয়। মন্ত্রী জানান, বিমানের যন্ত্রাংশের ওভারহলিং ও মেরামতের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করতে নতুন বিধিমালায় সংশোধন আনা হবে, যাতে এয়ারলাইন্সগুলো আরও সহজে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে।

