পর্যটকদের স্বাগত জানাতে নতুন সাজে পতেঙ্গা সৈকত, আসছে আধুনিক সুযোগ সুবিধা
দেশি-বিদেশি পর্যটকদের স্বাচ্ছন্দ্যে ঘুরতে আসা নিশ্চিত করতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতকে নতুন রূপে সাজানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর অংশ হিসেবে সৈকতে আধুনিক ডাস্টবিন এবং পর্যাপ্ত পাবলিক টয়লেট বা ওয়াশ ব্লক স্থাপন করা হবে। শনিবার (২৯ আগস্ট) সৈকতে এক পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযানের উদ্বোধনকালে এ কথা জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
‘নান্দনিক চট্টগ্রাম’ গড়ার লক্ষ্যে বিচ ম্যানেজমেন্ট কমিটি ও জেলা প্রশাসনের যৌথ এই কর্মসূচিতে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে পর্যটক ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে সরকারি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা সৈকতের ওয়াকওয়ে ও আশপাশের এলাকা পরিষ্কার করেন।
অভিযানের সময় জেলা প্রশাসক সৈকতের বিভিন্ন দোকান পরিদর্শনে যান এবং বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। তিনি দোকান মালিকদের নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার নির্দেশ দেন এবং পর্যটকদের যাতে এলোমেলো ময়লা না ফেলে, সেজন্য তাদের সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্যের জন্য পতেঙ্গা সৈকত পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়, তবে পরিচ্ছন্নতা ও সেবার মান বাড়াতে আরও মনোযোগ দরকার।

