পতেঙ্গাকে পরিচ্ছন্ন করতে নতুন উদ্যোগ, বসছে আধুনিক ডাস্টবিন
চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্রসৈকতকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে সৈকতে আধুনিক মানের ডাস্টবিন এবং পর্যটকদের সুবিধার্থে পর্যাপ্ত ওয়াশ ব্লক স্থাপন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রকৃতির সৌন্দর্যের সাথে সামঞ্জস্য রেখে সৈকতের সাজসজ্জায় নতুনত্ব আনা হবে।
‘নান্দনিক চট্টগ্রাম’ গড়ার লক্ষ্যে শনিবার (২৯ আগস্ট) সৈকতে এক পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে একটি র্যালি বের করা হয় এবং পর্যটকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ক্লিন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক সৈকতের পাড়াগুলো পরিদর্শনে যান এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে খোঁজ নেন। তিনি দোকান মালিকদের নির্দেশ দেন যাতে তারা বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলেন এবং পর্যটকদের যত্রতত্র ময়লা না ফেলতে উৎসাহিত করেন। এ ছাড়াও স্বেচ্ছাসেবকদের নিয়ে তিনি নিজে ওয়াকওয়ে ও আশপাশের এলাকা পরিষ্কার করেন।
সংবাদিকদের জেলা প্রশাসক বলেন, সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্যের জন্য পতেঙ্গা দেশি-বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে পরিবেশ দূষণ ও অপরিচ্ছন্নতার কারণে অনেক পর্যটক হতাশ হয়ে ফিরে যান। এই সমস্যা সমাধানে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে সৈকতের সৌন্দর্যবর্ধনে ব্যাপক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

