সাবেক স্ত্রীর প্রেমিকের হামলায় প্রবাসী জখম, মোহাম্মপুরে গ্রেফতার ২

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ৭:৩৮ এএম
সাবেক স্ত্রীর প্রেমিকের হামলায় প্রবাসী জখম, মোহাম্মপুরে গ্রেফতার ২

রাজধানীর মোহাম্মদপুরে সৌদি প্রবাসী লস্কর হৃদয়কে কুপিয়ে আহত করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার মূলে পারিবারিক কোন্দল নয়, বরং পূর্বঘটিত প্রণয়ের সম্পর্ক ও তার জের ধরে এই হামলা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। গত শুক্রবার মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে হৃদয়ের সাথে এক নারীর বিয়ে হয়। পরবর্তীতে ওই নারীর সঙ্গে কিশোর গ্যাং লিডার ক্যাপ্টেন মুন্নার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তিনি মুন্নার সাথে পালিয়ে যান। এরপর হৃদয় সৌদি আরবে চলে গেলেও গোপনে তার সাবেক স্ত্রীর সাথে যোগাযোগ স্থাপন করেন। বিষয়টি টের পেয়ে মুন্না হৃদয়কে ফোন করে হুমকি দেন এবং ওই নারীর সাথে কথা বলতে নিষেধ করেন। সম্প্রতি ছুটিতে দেশে আসলে মুন্না তাকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।

এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ক্যাপ্টেন মুন্নাসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রাসেল ওরফে আন্ডা রাসেল ও ঘাড়কাটা সাইফুল এখনো পলাতক থাকলেও পুলিশ অভিযান চালিয়ে শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল নামের দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বর্তমানে আহত হৃদয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...