ভূমি মন্ত্রণালয়ে প্রক্সির ফাঁদ, মৌখিক পরীক্ষায় এসে ৬ চাকরিপ্রার্থী গ্রেফতার
সরকারি চাকরির প্রবেশদ্বারে দুর্নীতি রোধে কঠোর অবস্থান নিয়েছে ভূমি মন্ত্রণালয়। অফিস সহায়ক পদে প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় পাস হওয়ার অভিযোগে মৌখিক পরীক্ষা চলাকালে ছয়জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সচিবালয়ের ৪ নম্বর ভবনে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের জন্য গত ১১ এপ্রিল প্রিলিমিনারি এবং ১৫ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার ৮০ জন প্রার্থীর ভাইভা নেওয়ার সময় বোর্ড সদস্যরা তাদের হাতের লেখা ও মেধার সাথে লিখিত পরীক্ষার উত্তরপত্রের অমিল খুঁজে পান। পরে জিজ্ঞাসাবাদে ওই প্রার্থীরা প্রক্সি ব্যবহারের কথা স্বীকার করেন।
আটককৃতরা হলেন সিরাজগঞ্জের কামারখন্দের মো. রবিউল, রংপুরের মিঠাপুকুরের মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলার মো. রাকিব হাসান, গোপালগঞ্জের কাশিয়ানীর মো. রাকিবুল হাসান, বগুড়ার সোনাতলার মো. শুভ মিয়া এবং নীলফামারীর কিশোরগঞ্জের মো. সবুজ ইসলাম। রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার এসআই শহীদুল আলম তাদের থানায় নিয়ে যান।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আটক ছয় প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় মন্ত্রণালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে তাৎক্ষণিক তাদের গ্রেফতার করা হয়।

