সাবেক স্ত্রীকে নিয়ে পরকীয়া, প্রবাসীকে কুপিয়ে জখম মুন্নার
রাজধানীর মোহাম্মদপুরে প্রবাসী লস্কর হৃদয়কে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল।
পুলিশ জানায়, মোহাম্মদপুর লিমিটেড এলাকায় ছুরিকাঘাতের শিকার হন সৌদি প্রবাসী হৃদয়। এ ঘটনায় তার পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই আসামিকে আটক করতে সক্ষম হয়। মামলায় ওই গ্যাং লিডার মুন্নাসহ মোট চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অপর আসামিরা হলেন রাসেল ওরফে আন্ডা রাসেল ও ঘাড়কাটা সাইফুল।
আহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে হৃদয়ের সাথে ওই নারীর বিবাহ হয়। পরবর্তীতে ওই গৃহবধূ কিশোর গ্যাং লিডার ক্যাপ্টেন মুন্নার সাথে প্রেমের সম্পর্কে জড়ায় এবং তাকে বিয়ে করে পালিয়ে যান। এর তিন বছর পর হৃদয় সৌদি আরবে চলে যান। সম্প্রতি ছুটিতে দেশে ফিরলে গোপনে তার সাবেক স্ত্রীর সাথে তার যোগাযোগ হয়। বিষয়টি টের পেয়ে মুন্না হৃদয়কে ফোনে হুমকি দিলেও তিনি সম্পর্ক বজায় রাখেন। এরই জেরে হৃদয়কে ডেকে নিয়ে তাকে কুপিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

