পটিয়ায় ঘুমের মধ্যেই উধাও দুই সিএনজি অটোরিকশা, আতঙ্কে চালকরা

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ১২:০৮ এএম
পটিয়ায় ঘুমের মধ্যেই উধাও দুই সিএনজি অটোরিকশা, আতঙ্কে চালকরা

চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় এক রাতেই দুটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে মাত্র ১০০ গজ দূরত্বের দুই বাড়ি থেকে একই সময়ে গাড়ি দুটি নিখোঁজ হয়, যা শুক্রবার (২৮ আগস্ট) ভোরে নিশ্চিত হন চালকরা। এ ঘটনায় গাড়ির মালিকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চালক মো. কাইছার সকালে গ্যাস নেওয়ার উদ্দেশ্যে অটোরিকশাটি রাতে বাইরে রেখে ঘুমিয়ে পড়েন। তবে শুক্রবার সকালে ঘুম ভাঙলে দেখতে পান গাড়িটি আর নেই। ব্যাংক ঋণ নিয়ে প্রায় এক বছর আগে ওই গাড়ি কেনা কাইছার এখন দিশেহারা হয়ে পড়েছেন। একই এলাকার আরেক চালক ফরিদ তার গাড়ি শিকল ও তালা দিয়ে বাঁধা রেখেছিলেন, কিন্তু চোরেরা শিকল কেটে সেটিও নিয়ে যায়।

এলাকাবাসীর সন্দেহ, কোনো সংঘবদ্ধ চোর চক্র এই ঘটনা ঘটিয়েছে। তারা জানায়, ভোরে ওই এলাকায় কয়েকজন অপরিচিত মোটরসাইকেল আরোহীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। পরে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা শুরু করেছে। পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...