মিরপুরে ইন্টারনেট ব্যবসা দখলের হুমকি, চাঁদাবাজির অভিযোগ আশিক বাহিনীর বিরুদ্ধে
রাজধানীর মিরপুরে ইন্টারনেট ব্যবসা দখলে নিতে এক ব্যবসায়ীকে হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে ‘আশিক বাহিনী’ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে। ভুক্তভোগী মো. নওশাদ শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
‘মপটা ফোর’ নামের ইন্টারনেট সেবার ব্যবসার মালিক নওশাদ জানান, গত এক বছর ধরে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী আশিক এবং তার দলবল তাকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। সম্প্রতি আশিক তাকে ফোন করে ব্যবসা বন্ধ করে দলের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। নওশাদ যদি ব্যবসা চালিয়ে যেতে চান, তবে এককালীন ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে এবং প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দিতে হবে বলে জানানো হয়। এই চাঁদাবাজি রুখতে তিনি ডিবি পুলিশের সহায়তা চান।
নওশাদ অভিযোগ করেন, সন্ত্রাসীরা ব্যবসা দখলে ব্যর্থ হলে ডিবি পুলিশ ও মাদক ব্যবসায়ীদের দিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চালায়। তারা পুলিশকে ভুল তথ্য দিয়ে তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। তবে তদন্তে অপরাধ প্রমাণিত না হওয়ায় পুলিশ তাকে ছেড়ে দেয়। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা নওশাদ এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

