জেলা পর্যায়ে তদারকি ও সমন্বয়ে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দায়িত্ব

প্রাইম বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৬ ১:১৫ এএম
জেলা পর্যায়ে তদারকি ও সমন্বয়ে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দায়িত্ব

দেশের সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং উন্নয়ন কার্যক্রমের সঠিক তদারকি নিশ্চিত করতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে মাঠ পর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিভিন্ন জেলার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত কিছুদিন ধরে জেলা পর্যায়ে উন্নয়নের নামে বরাদ্দ থাকলেও তা লুটপাট ও দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে। এই অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার এবং অন্য অংশ মাদক ব্যবসা ও সামাজিক অবক্ষয়ে ব্যবহৃত হচ্ছে, যা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতেই সরকারের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন এই দায়িত্ব বিন্যাসে রাজশাহী ও নাটোরের দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ের দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। এছাড়া চট্টগ্রামের দায়িত্ব পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী, লক্ষ্মীপুরের দায়িত্ব পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, হবিগঞ্জের দায়িত্ব বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং মৌলভীবাজারের দায়িত্ব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে অর্পণ করা হয়েছে। একইসাথে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের দায়িত্ব পেয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...