আমিনবাজারের বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ দেবে চীন

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ১২:১০ পিএম
আমিনবাজারের বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ দেবে চীন

রাজধানীর আমিনবাজারে অবস্থিত ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে এগিয়ে এসেছে চীন। আগামী দেড় বছরের মধ্যে এই প্রকল্পের আওতায় ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ সম্মতি জানান বাংলাদেশে নিয়োজিত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠক শেষে স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, আগামী ১৮ মাসের মধ্যে আমিনবাজারের বর্জ্য থেকে উৎপাদিত ৪২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। এরই মধ্যে প্রকল্পটির অগ্রগতির জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এছাড়া বিনিয়োগকারী ব্যাংক ও কোম্পানির সাথে বাংলাদেশ সরকারের মধ্যে চূড়ান্ত অর্থায়ন চুক্তির প্রক্রিয়াও দ্রুত এগিয়ে চলছে।

এছাড়াও বৈঠকে চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল এবং মোংলা বন্দর উন্নয়নে চীনের আগ্রহের কথা জানানো হয়। চট্টগ্রাম বন্দরের সাথে মোংলার সংযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক জোরদার করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সফর বাড়ানোর প্রসঙ্গেও কথা হয়। এছাড়া ঢাকার তিনটি বস্তি আধুনিকায়ন প্রকল্পে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...