এপ্রিলেই শুরু হবে নতুন অর্থবছর, রূপরেখা তৈরিতে কমিটি
দেশে অর্থবছরের সময়সীমা জুলাই-জুন থেকে এপ্রিল-মার্চে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাস্তবায়ন রূপরেখা প্রণয়নের দায়িত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। রোববার (২৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের আদেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৭ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন পায়। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছর থেকে প্রতি বছর ১ এপ্রিল নতুন অর্থবছর শুরু হবে এবং ৩১ মার্চ শেষ হবে। তবে এই পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল বা অস্থায়ী বছর হিসেবে গণ্য করা হবে, যা আগামী জুলাই থেকে শুরু হয়ে মার্চ মাসে নয় মাসে সম্পন্ন হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান। প্রয়োজনে এই কমিটি আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী বৈঠক করবে। অর্থ বিভাগ কমিটিকে সার্বিক সচিবালয় সহযোগিতা প্রদান করবে।
কমিটির মূল দায়িত্ব হবে অর্থবছর পরিবর্তনের জন্য সংবিধান ও ১৮৯৭ সালের জেনারেল ক্লজেস অ্যাক্টের প্রয়োজনীয় সংশোধন এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনের কর্মপন্থা নির্ধারণ করা।

