‘অলংকারিক’ কমিটি হিসেবে নেওয়া হচ্ছে অর্থ মন্ত্রণালয়কে: হাসনাত আবদুল্লাহ

প্রাইম বার্তা অনলাইন
২৪ আগস্ট ২০২৬ ৬:২৪ এএম
‘অলংকারিক’ কমিটি হিসেবে নেওয়া হচ্ছে অর্থ মন্ত্রণালয়কে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না। তিনি বলেন, সরকারদলীয় কয়েকজন সদস্য এই কমিটিকে একটি ‘অলংকারিক কমিটি’ হিসেবে গণ্য করছেন, যা উদ্বেগজনক।

রোববার (২৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কার ও ট্যাক্স-জিডিপি অনুপাতসহ চারটি গুরুত্বপূর্ণ এজেন্ডায় আলোচনা হয়।

হাসনাত আবদুল্লাহ জানান, অর্থমন্ত্রী ও এনবিআরের কর্মকর্তারা এসব বিষয়ে ইতিবাচক অবস্থান নিলেও সরকারদলীয় কয়েকজন সদস্যের অসহযোগিতার কারণে কোনো বিষয়েই সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তিনি অভিযোগ করেন, সভাপতি না হয়েও চিফ হুইপ অযাচিত হস্তক্ষেপ করেছেন এবং সরকারদলীয় সদস্যরা আন্তরিকভাবে কাজ না করায় কমিটির কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ব্যবসায়ীদের হয়রানি বন্ধে বন্দর, ব্যাংক ও এনবিআরের মধ্যে একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরির প্রস্তাব বৈঠকে উঠেছে। তিনি জানান, প্রথম বৈঠকেও সদস্যরা প্রস্তুত ছিলেন না, দ্বিতীয় বৈঠকেও সেই একই চিত্র দেখা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...