পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর কর্মপরিধি চূড়ান্ত, যা থাকছে তালিকায়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ ইসলামের কাজের বণ্টন চূড়ান্ত করেছে সরকার। গত রোববার ২৩ আগস্ট প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক পরিপত্রে এই দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে অবহিত করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, হুমায়ুন কবির মূলত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলি এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন। এছাড়াও মন্ত্রী যেকোনো বিষয়ে তাকে দায়িত্ব দিলে তা পালন করবেন তিনি। অন্যদিকে, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবনের দেখাশোনা করবেন। একই সাথে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি এবং এলডিসি উত্তরণ বিষয়ক কাজও তার ওপর অর্পিত হয়েছে।
এছাড়া আইসিটি, সমুদ্র আইন ও সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন শামা ওবায়েদ ইসলাম। এই দুই প্রতিমন্ত্রীই পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে তাদের নির্ধারিত দায়িত্ব সম্পাদন করবেন বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম আরও বেগবান ও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।

