চীনের সঙ্গে চুক্তি, ট্যাংকার কেনার প্রকল্প একনেকে অনুমোদন পায়নি
জ্বালানি পরিবহনে বিদেশি জাহাজের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে এবং বৈদেশিক মুদ্রার চাপ সামাল দিতে সরকার দুটি আধুনিক অয়েল ট্যাংকার কেনার উদ্যোগ নিয়েছিল। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মাধ্যমে ‘অ্যাকুইজিশন অব টু প্রডাক্ট অয়েল ট্যাংকার্স’ শীর্ষক এই প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এটি অনুমোদন পায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পটি দ্বৈততা পরিহারের স্বার্থে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রতিটি ৪০ হাজার থেকে ৫৫ হাজার ডেডওয়েট টন ধারণক্ষমতার এই দুটি জাহাজ কেনার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৪৫৭ কোটি ৮০ লাখ টাকা। তবে চীন থেকে অয়েল ট্যাংকার কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর সম্প্রতি সই করা সমঝোতার কারণে এই প্রকল্প প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়নি। চীনের সঙ্গে সই হওয়া চুক্তি এবং বিএসসির প্রস্তাবিত প্রকল্পের মধ্যে কোনো দ্বন্দ্ব বা দ্বৈততা আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, প্রধানমন্ত্রী চীন সফরে এই বিষয়ে সমঝোতা স্বাক্ষর করেছেন। একই ধরনের কাজ বারবার প্রকল্প হিসেবে আনা যায় না। তাই দ্বৈততা পরিহার করে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি আপাতত অনুমোদনের জন্য গ্রহণ করা হয়নি। তিনি আরও জানান, প্রকল্পটির প্রস্তাবিত মেয়াদ ছিল ২০২৬ সালের জুলাই থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত, তবে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে আগেই জাহাজ দুটি সংগ্রহের পরিকল্পনা ছিল।

