র‍্যাব সেজে প্রধানমন্ত্রীর আত্মীয়ের কোটি টাকা লুট, গ্রেফতার ৫

প্রাইম বার্তা অনলাইন
১৫ আগস্ট ২০২৬ ৫:৫০ পিএম
র‍্যাব সেজে প্রধানমন্ত্রীর আত্মীয়ের কোটি টাকা লুট, গ্রেফতার ৫

রাজধানীর উত্তরায় ডিএল পেট্রোল পাম্পের কোটি টাকা ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ভুয়া র‍্যাব পরিচয় ব্যবহার করে অস্ত্রের মুখে জিম্মি করে তারা এ টাকা লুট করেছিল। উল্লেখ্য, ওই পাম্পটি প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন আক্তার হকের মালিকানাধীন।

গত ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে পাম্পের চার কর্মী এক কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। পথে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ সড়কের ক্রাউন প্লাজার কাছে বিআরটি লেনে পৌঁছালে মোটরসাইকেল আরোহী একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। র‍্যাবের ভেস্ট ও আইডি কার্ড দেখিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তারা নগদ অর্থ ছিনিয়ে নেয়। এরপর থেকেই ডিবি ও উত্তরা ক্রাইম বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ইলিয়াস শিকদার ও জাফরকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মাতুয়াইল ও যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকা থেকে রবিউল ওরফে রুবেল, মিন্টু রাড়ী ও সাগর বাড়ৈকে গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, আসামিদের কাছ থেকে ৪টি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, ভুয়া র‍্যাবের পোশাক, ওয়াকিটকি ও ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধার ও অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...