পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে গুজবে সতর্ক থাকার আহ্বান
সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে অপপ্রচার চালানোর বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। পুলিশ বাহিনী যখন নিষিদ্ধ রাজনৈতিক দলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, তখন এই চক্রটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে এমন উসকানিমূলক প্রচারণায় লিপ্ত রয়েছে।
বাংলাদেশ পুলিশ এই ধরনের সুপরিকল্পিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে সাধারণ নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ধরনের গুজব, অপ্রাসঙ্গিক বা উসকানিমূলক তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করতে। দায়িত্বশীল নাগরিক হিসেবে এই অপপ্রচাররোধে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

