ডিজিটাল দক্ষতায় ৪০ লাখ মানুষকে স্বাবলম্বী করবে গ্রামীণফোন
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে প্রযুক্তির মূলস্রোতে নিয়ে আসতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। আগামী ২০২৮ সালের মধ্যে আড়াই বছরের মেয়াদে ৪০ লাখ প্রান্তিক মানুষকে ডিজিটাল দক্ষতায় স্বাবলম্বী করার লক্ষ্যে ‘ডিজিটাল ইনক্লুশন ফর মার্জিনালাইজড কমিউনিটিস’ প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু করা হয়েছে।
প্রথম পর্যায়ে সফলভাবে ৩২ জেলায় ৩৩ লাখের বেশি মানুষের মাঝে ডিজিটাল প্রশিক্ষণ পৌঁছে দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে প্রায় ৬৮ শতাংশই ছিলেন নারী ও কিশোরী। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং টেলিনরের সহযোগিতায় পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে সরকারি সেবা, মোবাইল আর্থিক সেবা এবং ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবস্থার ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ের এই উদ্যোগ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। অনুষ্ঠানে গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এই পর্যায়ে আটটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবার সুবিধাভোগীদের ৭০ শতাংশই নারী হবেন বলে পরিকল্পনা করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত নারী উদ্যোক্তাদের সাফল্যের প্রশংসা করেন এবং ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

