গণপরিবহনে ধূমপান ও মাদক নিষিদ্ধ করল বিআরটিসি
যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসসহ সব ধরনের গণপরিবহনে ধূমপান এবং নেশাজাতীয় দ্রব্য বহন বা ব্যবহার করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিআরটিসি ও বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অ্যাকটিভিটিজ অব সোসাইটি (ডাস) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। এ সময় গণপরিবহনে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আইনের প্রয়োগ ছাড়াও সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে ডাসের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির প্রজেক্ট ম্যানেজমেন্ট লিড কাজী মোহাম্মদ হাসিবুল হক। এছাড়া বক্তব্য রাখেন বিআরটিসির মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার ফাতেমা বেগম এবং ডাসের টিম লিড আমিনুল ইসলাম বকুলসহ অন্যান্যরা। বক্তারা তামাক ব্যবহারের স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষতির বিষয়টি তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

