জয়-পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি গড়তে খেলাধুলার আহ্বান মন্ত্রীর
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, খেলার মূল শিক্ষাই হলো জয়ের আনন্দ উপভোগ করা এবং পরাজয় মেনে নেওয়া। এই ক্রীড়াসুলভ মানসিকতা কেবল মাঠেই সীমাবদ্ধ না রেখে সমাজ ও রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কলাবাগানের গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টারে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
‘গ্রিনরোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্র’ আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়; এটি হতে পারে পেশা ও জীবিকা নির্বাহের মাধ্যম। তিনি উল্লেখ করেন, জাতীয় পর্যায়ে দেশের সুনাম বাড়াচ্ছেন যেসব ক্রীড়াবিদ, তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ এবং সেই লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।
তরুণ প্রজন্মের বিকাশে খেলাধুলার ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তরুণরা যত বেশি অনুশীলন ও প্রতিযোগিতার সঙ্গে যুক্ত থাকবে, তত দ্রুত তারা শৃঙ্খলাবদ্ধ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। তার ভাষায়, খেলাধুলা নেতৃত্বের গুণ, দলীয় চেতনা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি করে, যা পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও জবাবদিহির সংস্কৃতি বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এবারের টুর্নামেন্টে সর্বমোট ১৬টি দল অংশ নেয়। কয়েকটি ধাপ পার হয়ে সেরা চারটি দল চূড়ান্ত পর্বে খেলে। অনুষ্ঠানের শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন শেখ রবিউল আলম। বিতরণীতে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা।

