ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে এআই অপপ্রচারের অভিযোগ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে রিসেপশনের আয়োজন করেন, তাতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ওই অনুষ্ঠানে দুজনের উপস্থিতির ছবি প্রকাশের পর সেটিকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বলে প্রশ্ন তোলার চেষ্টা শুরু হয়েছে। অথচ ছবিটি সরবরাহ করেছে হোয়াইট হাউস নিজেই।
শনিবার (৩ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ বিষয়ে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের ছবিটি হোয়াইট হাউস পাঠিয়েছে। পরবর্তীতে সেটি জনসাধারণের জন্য প্রকাশ করা হয়।
যাচাই করে দেখা যায়, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী মিডিয়া প্ল্যাটফর্ম পামফ্লেটিডটনেট ২ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটিকে এআই-জেনারেটেড বা ম্যানিপুলেটেড হিসেবে চিহ্নিত করে। কিন্তু বাস্তবে সংশ্লিষ্ট প্রতিবেদনে যে ছবিকে সন্দেহের তীর তোলা হয়, সেটিই প্রধানমন্ত্রী দম্পতির অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রকৃত প্রমাণ।
এদিকে, সত্যিকারের এআই-তৈরি একটি ব্যঙ্গাত্মক ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ট্রাম্পকে কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এমন বিভ্রান্তিকর উপাদান দিয়েই প্রকৃত ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। তবে হোয়াইট হাউসের সরবরাহ করা ছবির স্পষ্ট উৎস থাকায় এই অপপ্রচার মোকাবিলায় যথেষ্ট প্রমাণ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

