টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন মোরশেদ, বিচ্ছিন্ন হাত-পা
চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানানোর সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন মোরশেদ আলম (২৫) নামে এক যুবক। এই দুর্ঘটনায় তার দুই পা এবং এক হাতের বেশিরভাগ অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে স্টেশন এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড়া এলাকার বাসিন্দা মোরশেদ তার পরিবারের সদস্যদের নিয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও ধারণ করছিলেন। এসময় পুশিং পদ্ধতিতে একটি শান্টিং ট্রেন সামনে এগিয়ে আসছিল। ট্রেনের চালক বারবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক করেও তাদের নিরস্ত করতে পারেননি। ভিডিও ধারণের মগ্নতার কারণে তারা সরে যেতে ব্যর্থ হলে ট্রেনের নিচে পড়ে যান ওই যুবক।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান জানান, মোরশেদের দুই পা ও এক হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ জানান, চালক সতর্ক করলেও রেললাইন থেকে সরে না যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

